প্রকাশিত: Tue, Jan 24, 2023 2:00 PM
আপডেট: Thu, Mar 12, 2026 11:03 PM

আগামী জুনে উৎপাদনে যাবে দেশের সবচেয়ে বড়ো বায়ু বিদ্যুৎকেন্দ্র

সালেহ্ বিপ্লব: পরিবেশবান্ধব বিদ্যুৎ বা ক্লিন এনার্জির ক্ষেত্র সম্প্রসারণের জন্য কাজ করছে সরকার। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ২০০৫ সালে ফেনীর সোনাগাজীতে দেশে প্রথম বায়ুভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে। এর সক্ষমতা দশমিক ৯ মেগাওয়াট। ২০০৮ সালে কক্সবাজারের কুতুবদিয়ায় ১ মেগাওয়াট সক্ষমতার আরেকটি বায়ু বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয়। তৃতীয় এবং সবচেয়ে বড়ো বায়ু বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করা হচ্ছে কক্সবাজারের খুরুশকুলে। এর উৎপাদন ক্ষমতা ৬০ মেগাওয়াট। 

বেসরকারি প্রতিষ্ঠান ইউএস-ডিকে গ্রিন এনার্জি (বিডি) লিমিটেড এই বিদ্যুৎ প্রকল্প স্থাপন করছে। বাংলাদেশ সংবাদ সংস্থা জানায়, গ্রিন এনার্জির ব্যবস্থাপক (প্রকল্প ও পরিকল্পনা) প্রকৌশলী মুকিত আলম খান জানান, একটি চুক্তির আওতায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এখান থেকে বিদ্যুৎ কিনবে। তিনি বলেন, বায়ু থেকে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য মোট ২২টি টারবাইন স্থাপন করা হচ্ছে, যার প্রতিটি টারবাইন ৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। এ পর্যন্ত ইতোমধ্যে ১০টি টারবাইন স্থাপন করা হয়েছে। 

মুকিত আলম বলেন, ব্যাকআপের জন্য স্ট্যান্ডবাই হিসেবে দুটি টারবাইন বসানো হবে। বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন ক্ষমতা ১২০ মেগাওয়াট পর্যন্ত বাড়ানোর জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ে একটি প্রস্তাব জমা দেয়া হয়েছে।

কক্সবাজার ৬০ মেগাওয়াট উইন্ড পাওয়ার প্ল্যান্ট প্রজেক্টের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হেই ঝাও (ব্রেট) বলেন, ইউএস-ডিকে গ্রিন এনার্জি (বিডি) লিমিটেড প্ল্যান্টটির উন্নয়নে ১১৬ দশমিক ৫১ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে। এই আধুনিক বিদ্যুৎ কেন্দ্রটি ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে, যার উৎপাদন ক্ষমতা ২০০ মেগাওয়াট পর্যন্ত বাড়ানোর সুযোগ থাকবে।

এ ব্যাপােের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পর্যায়ক্রমে পরিবেশবান্ধব জ্বালানির অংশীদারিত্ব বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রকল্পটি নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের নতুন পথ দেখাচ্ছে। দেশের বিভিন্ন স্থানে আরো বায়ু বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হবে। সম্পাদনা: খালিদ আহমেদ